জাতীয়

১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনা, প্রস্তাবনা নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন

  Daly Top Alap News ২৬ জুন ২০২৬ , ৬:৪০ পিএম প্রিন্ট সংস্করণঃ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের বিধান চালুর লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। নাগরিকদের পরিচয় আরও নির্ভুল রাখা, তথ্য হালনাগাদ করা এবং জালিয়াতি প্রতিরোধের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা চলছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৫ বছরে একজন ব্যক্তির চেহারা, বয়স, দাড়ি-চুলের ধরন এবং বায়োমেট্রিক তথ্যের মানে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। ফলে আধুনিক পরিচয় যাচাই ব্যবস্থাকে আরও কার্যকর ও নিরাপদ করতে নির্দিষ্ট সময় পরপর এনআইডির তথ্য হালনাগাদ করা জরুরি বলে মনে করছে কমিশন।

বর্তমানে জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০-এর ধারা ৭(১) অনুযায়ী প্রতিটি জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। তবে বিদ্যমান আইনে নবায়নের সুযোগ থাকলেও সেটি বাধ্যতামূলক নয়।

বর্তমান নিয়ম অনুযায়ী, এনআইডি নবায়নের জন্য সাধারণ ফি ১০০ টাকা এবং জরুরি নবায়নের ক্ষেত্রে ১৫০ টাকা নির্ধারিত রয়েছে। তবে নতুন প্রস্তাব চূড়ান্ত হলে নবায়ন প্রক্রিয়া, সময়সীমা ও অন্যান্য নির্দেশনা সম্পর্কে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবে।

প্রস্তাবটি কার্যকর হলে নির্দিষ্ট সময় পরপর এনআইডি হালনাগাদ বাধ্যতামূলক হবে, যা নাগরিক পরিচয় ব্যবস্থাকে আরও আধুনিক, নির্ভুল ও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক