ডেইলি টপ আলাপ ডেস্ক ২৫ জুন ২০২৬ , ৪:২৪ পিএম প্রিন্ট সংস্করণঃ
স্থানীয়দের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। দিনে-রাতে অসংখ্যবার বিদ্যুৎ আসা-যাওয়া করে, আবার অনেক সময় টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বর্তমান তীব্র গরমে এই পরিস্থিতি জনজীবনকে অসহনীয় করে তুলেছে।
বিশেষ করে মৌচাক-সফিপুর শিল্পাঞ্চলের হাজার হাজার শ্রমিক ও কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। সারাদিন গার্মেন্টস ও বিভিন্ন কারখানায় কাজ করার পর রাতে বাড়ি ফিরে বিদ্যুৎ না থাকায় স্বাভাবিকভাবে বিশ্রাম ও ঘুমাতে পারছেন না তারা। অনেক পরিবার রাতভর গরমে নির্ঘুম সময় কাটাচ্ছে।
এদিকে বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়টিও মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। এলাকাবাসীর দাবি, আগে যাদের মাসিক বিল ৫০০ টাকার আশপাশে ছিল, এখন তাদের অনেকের বিল এক হাজার টাকার বেশি আসছে। আবার এক হাজার টাকার বিল বেড়ে ১,৮০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত পৌঁছেছে। অথচ সেবার মান আগের তুলনায় আরও খারাপ হয়েছে বলে অভিযোগ তাদের।
বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে মৌচাক পল্লী বিদ্যুৎ অফিসের সামনে জড়ো হন এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান। তাদের বক্তব্য, নিয়মিত বিল পরিশোধ করেও যদি দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ না পাওয়া যায়, তাহলে সাধারণ মানুষের ক্ষোভ স্বাভাবিক।
প্রতিবাদে অংশ নেওয়া একাধিক ব্যক্তি বলেন,
“গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে, কিন্তু সেবার কোনো উন্নতি হয়নি।”
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না হলে এবং বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান না হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।
বর্তমানে মৌচাক পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। বিপুল সংখ্যক মানুষ সেখানে অবস্থান নিয়ে তাদের দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন এবং বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান দাবি করছেন।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
ডিটিএ / নিউজ ডেস্ক











