ডেইলি টপ আলাপ নিউজ ১৫ জুন ২০২৬ , ৫:৩৫ পিএম প্রিন্ট সংস্করণঃ
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় আরও এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

গতকাল রোববার (১৪ জুন) রাত ৮টার দিকে উপজেলার টেপড়া এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফয়েজ আহমেদ (৩২) উপজেলার শিবরামপুর এলাকার ফরহাদ আলী আহমেদের ছেলে। তিনি শিবালয় উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং সজিব ওয়াজেদ জয় পরিষদের উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে পরিচিত। অপর গ্রেফতারকৃত জিগির আলী (৩৬) একই এলাকার মৃত তফসের আলীর ছেলে।
সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মানবেন্দ্র বালো স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল টেপড়া এলাকার পৃতিশ শীলের পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় ফয়েজ আহমেদের কাছ থেকে ৪০০ পিস এবং জিগির আলীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের দুজনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডিটিএ / নিউজ ডেস্ক





