ডেইলি টপ আলাপ নিউজ ১০ জুন ২০২৬ , ৪:১৪ পিএম প্রিন্ট সংস্করণঃ
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে তৃতীয় দিনের প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) অধিবেশনে সভাপতিত্ব করেন।
নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ প্রশ্ন রেখে বলেন, উপকূলীয় দ্বীপ হাতিয়া এই অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা বিস্তারের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কম্পিউটার ল্যাব স্থাপনের ব্যাপারে আপনার পরিকল্পনা কী?
জবাবে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর আওতায় বর্তমানে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় মোট ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।
এ ছাড়া উক্ত প্রকল্পের আওতায় সারাদেশে আরও এক হাজারটি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করার জন্য ডিপিপি সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে। ডিপিপি অনুমোদিত হলে আগামী অর্থবছর আপনার সংসদীয় আসনের শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।











