তথ্য ও প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে ওয়ালটনের মাদারবোর্ড রপ্তানি, দেশের প্রযুক্তি খাতে নতুন মাইলফলক

  ডেইলি টপ আলাপ ডেস্ক ১৮ জুন ২০২৬ , ৮:১৪ পিএম প্রিন্ট সংস্করণঃ

বাংলাদেশে উৎপাদিত বিশ্বমানের পিসিবিএ (Printed Circuit Board Assembly) বা মাদারবোর্ড এবার রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশীয় প্রযুক্তি খাতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রগামী এই রপ্তানি শিপমেন্টের উদ্বোধন করা হয়।

যুক্তরাষ্ট্রে ওয়ালটনের মাদারবোর্ড রপ্তানি উদ্বোধন

নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে প্রযুক্তিপণ্য রপ্তানির ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রে পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি) বা মাদারবোর্ড রপ্তানি শুরু করেছে ওয়ালটন। বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে রপ্তানি শিপমেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ফিতা কেটে শিপমেন্ট উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী এবং এস এম মঞ্জুরুল আলম অভি।

ওয়ালটনের তৈরি এই মাদারবোর্ড যুক্তরাষ্ট্রের উইসকনসিনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশনের কাছে রপ্তানি করা হচ্ছে। প্রতিষ্ঠানটি অত্যাধুনিক গানশট শনাক্তকরণ ও জরুরি উদ্ধার ব্যবস্থার নিরাপত্তা ডিভাইস তৈরি করে থাকে। রপ্তানিকৃত পিসিবিএ এসব নিরাপত্তা ডিভাইসে ব্যবহৃত হবে, যা স্কুল-কলেজসহ বিভিন্ন স্থানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে অতিথিরা প্রতিষ্ঠানটির অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা, প্রযুক্তিগত সক্ষমতা এবং গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম ঘুরে দেখেন। তারা মাদারবোর্ড (এসএমটি), টেলিভিশন প্যানেল ক্লিনরুম, পিসিবি, মোল্ড অ্যান্ড ডাইসহ বিভিন্ন উৎপাদন ইউনিট পরিদর্শন করেন।

এ সময় মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “ওয়ালটন সত্যিই এক বিস্ময়। বাংলাদেশ যে বিশ্বমানের প্রযুক্তিপণ্য উৎপাদন ও রপ্তানি করতে পারে, ওয়ালটন তার উজ্জ্বল উদাহরণ। এটি দেশের জন্য গর্বের বিষয়।”

তিনি আরও বলেন, দেশীয় শিল্পের বিকাশে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যকে উৎসাহিত করতে কর কাঠামোতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ওয়ালটনের অত্যাধুনিক শিল্পনগরীতে ফ্রিজ, কম্প্রেসার, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, ফ্যান, ক্যাবল, ভিআরএফ, চিলার, হোম অ্যাপ্লায়েন্স এবং লিফটসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য উৎপাদিত হচ্ছে। পাশাপাশি গবেষণা ও উদ্ভাবন (আরঅ্যান্ডআই), মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্যও রয়েছে পৃথক বিভাগ।

বর্তমানে ‘মেইড ইন বাংলাদেশ’ স্লোগান নিয়ে ওয়ালটনের তৈরি পণ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে আরও বিস্তৃত উপস্থিতি নিশ্চিত করে বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

 

ডিটিএ/ নিউজ ডেস্ক