জাতীয়

মোবাইলে অব্যবহৃত টাকা-ডাটা ফেরত নিশ্চিত করতে সরকারের উদ্যোগ, সংসদে জানালেন টেলিযোগাযোগমন্ত্রী

  ডেইলি টপ আলাপ ১৩ জুলাই ২০২৬ , ৮:১৩ এএম প্রিন্ট সংস্করণঃ

সংসদে মোবাইল ফোনের অব্যবহৃত রিচার্জের টাকা ও ইন্টারনেট ডাটার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গ্রাহকদের ক্ষতির বিষয়টি তুলে ধরে প্রশ্ন করেছেন সংসদ সদস্য নাদিয়া পাঠান। তিনি জানতে চান, গ্রাহকদের স্বার্থ রক্ষায় সরকার কী পদক্ষেপ নিয়েছে এবং এই সমস্যার স্থায়ী সমাধান কবে বাস্তবায়ন হবে।

প্রশ্নে নাদিয়া পাঠান বলেন, একজন গ্রাহক মোবাইলে রিচার্জ করার পর নির্ধারিত সময়ের মধ্যে পুরো টাকা বা ডাটা ব্যবহার করতে না পারলে মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো আর ব্যবহার করা যায় না। অথচ ব্যাংকে জমা রাখা অর্থ গ্রাহক যেকোনো সময় উত্তোলন করতে পারেন। তাই মোবাইল রিচার্জের অব্যবহৃত টাকা বা ডাটার ক্ষেত্রেও একই ধরনের সুবিধা নিশ্চিত করা উচিত।

জবাবে টেলিযোগাযোগমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) একাধিকবার মোবাইল অপারেটরদের সঙ্গে আলোচনা করেছে। তবে অপারেটররা তাদের বিভিন্ন ব্যবসায়িক নীতির কথা উল্লেখ করে জানিয়েছে, ৭ দিন, ১৫ দিন বা নির্দিষ্ট মেয়াদের প্যাকেজে সময় শেষ হলে অব্যবহৃত ডাটাও শেষ হয়ে যায়।

মন্ত্রী আরও বলেন, কল ড্রপসহ গ্রাহকস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও অপারেটরদের সঙ্গে আলোচনা হয়েছে। অব্যবহৃত টাকা ও ডাটার সমস্যার সমাধানে আরও কয়েক দফা বৈঠক হবে এবং প্রয়োজনে অপারেটরদের ওপর চাপ অব্যাহত রাখা হবে।

তিনি বলেন, “ইনশাআল্লাহ, আমরা অপারেটরদের চাপের মধ্যে রাখব, যাতে গ্রাহকদের এই সমস্যার কার্যকর সমাধান করা যায়।”

সরকার জানিয়েছে, গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং মোবাইল অপারেটরদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক