ডেইলি টপ আলাপ ১১ জুলাই ২০২৬ , ৮:৪০ এএম প্রিন্ট সংস্করণঃ
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মিয়ানমারে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সর্বশেষ শনিবার (১১ জুলাই) ভোরে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় দেশটিতে ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। তবে দুটি কম্পনেই এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, শনিবারের ভূমিকম্পটি ভারতীয় সময় রাত ১২টা ২০ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৯০ কিলোমিটার গভীরে।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, মিয়ানমার বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলের একটি। দেশটি সক্রিয় টেকটোনিক ফল্টলাইনের ওপর অবস্থিত হওয়ায় সেখানে মাঝেমধ্যেই ভূমিকম্পের ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক দুটি ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো বড় ধরনের প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তথ্যসূত্র: এএনআই (ANI)
ডিটিএ / নিউজ ডেস্ক











