ডেইলি টপ আলাপ ৭ জুলাই ২০২৬ , ৬:৪৬ পিএম প্রিন্ট সংস্করণঃ
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল কানেক্টিভিটি হাব হিসেবে গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে স্টারলিংক। এ লক্ষ্যে গাজীপুরের হাইটেক পার্কে একটি বড় গ্রাউন্ড স্টেশন বা ডেটা হাব স্থাপনের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এই হাব থেকে ভুটানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে ভুটানে স্যাটেলাইট ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সিঙ্গাপুরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে হয়। এতে ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ল্যাটেন্সিও বেশি থাকে। বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করা গেলে সেবার খরচ কমবে, সংযোগের গতি ও মান উন্নত হবে এবং পুরো অঞ্চলের ডিজিটাল সংযোগ আরও কার্যকর হবে।
এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য স্টারলিংক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে আন্তর্জাতিক প্রাইভেট লিজড সার্কিট (IPLC) এবং আনফিল্টারড আইপি ব্যবহারের অনুমতি চেয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, আন্তর্জাতিক সংযোগটি শুধুমাত্র তাদের নিজস্ব নেটওয়ার্ক পরিচালনার কাজে ব্যবহৃত হবে। বাংলাদেশের স্থানীয় গ্রাহকদের ইন্টারনেট ট্রাফিক বিদ্যমান আইন, নীতিমালা ও নিয়ন্ত্রক নির্দেশনা অনুসারেই পরিচালিত হবে।
তবে বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিটিআরসি। কমিশন জানিয়েছে, দেশের আইন, জাতীয় নিরাপত্তা, সাইবার সুরক্ষা এবং বিদ্যমান নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে আবেদনটি পর্যালোচনা করা হচ্ছে। সব দিক বিবেচনা করেই অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগকেন্দ্রে পরিণত হতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক ডেটা পরিবহন, তথ্যপ্রযুক্তি খাতের বিনিয়োগ, কর্মসংস্থান এবং বৈদেশিক আয় বৃদ্ধির নতুন সম্ভাবনাও তৈরি হবে।
ডিটিএ / নিউজ ডেস্ক











