সারাদেশ

নাগরপুরে বিদ্যালয়ের নলকূপের পানি পান করে ৩২ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত চলছে

  ডেইলি টপ আলাপ ডেস্ক ২৩ জুন ২০২৬ , ৫:৩৮ পিএম প্রিন্ট সংস্করণঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ে নলকূপের পানি পান করে বিষক্রিয়াজনিত অসুস্থতায় অন্তত ৩২ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদীর।

বিদ্যালয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে শিক্ষার্থীরা টিউবওয়েলের পানি পান করার পর একে একে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতার লক্ষণ দেখা দিলে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে মোট ৩২ জন শিক্ষার্থী চিকিৎসা নেয়, যার মধ্যে ২৯ জনকে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় দুজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীরা পানি পান করার পরপরই অসুস্থ হয়ে পড়ে এবং দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে চিকিৎসা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

এক শিক্ষার্থী জানায়, বিরতির সময় কিছু শিক্ষার্থী ঝালমুড়ি খাওয়ার পর নলকূপের পানি পান করে, এরপরই তারা অসুস্থ হয়ে পড়ে। তবে শুধু ঝালমুড়ি খাওয়াদেরই নয়, যারা শুধু পানি পান করেছে তারাও অসুস্থ হয়েছে।

এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টিকে পরিকল্পিত নাশকতা বলেও সন্দেহ প্রকাশ করেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জজ কামাল বলেন, নলকূপে বিষ বা কীটনাশক মেশানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং বিষয়টি তদন্তের দাবি রাখে।

শিক্ষা কর্মকর্তারা জানান, নলকূপের পাশ থেকে পলিথিনে মোড়ানো সাদা পেস্টজাতীয় একটি পদার্থ উদ্ধার করা হয়েছে, যা পানির সঙ্গে মিশে বিষক্রিয়ার কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, নলকূপের পানির নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। বর্তমানে হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিক্ষার্থীর অবস্থার উন্নতি হয়েছে।

 

 

 

ডিটিএ/ নিউজ ডেস্ক