খেলা-ধুলা

বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি

  ডেইলি টপ আলাপ নিউজ ৮ জুন ২০২৬ , ৪:১২ পিএম প্রিন্ট সংস্করণঃ

ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ‘অল মিডিয়া সম্প্রচারস্বত্ব’ কিনতে বিটিভির প্রস্তাব অনুমোদন করেছে সরকারের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

ফিফা থেকে কোনো দরপত্র ছাড়া অর্থাৎ সরাসরি ক্রয়প্রক্রিয়া পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য এ স্বত্ব কেনা হচ্ছে। এতে মোট খরচ হচ্ছে ৭২ কোটি ৭০ লাখ টাকা।

আগের বারের চেয়ে এবার খরচ কমল ২৫ কোটি টাকা। আগের বারের অর্থাৎ ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের প্রচারস্বত্ব কিনতে বিটিভি অনেক জটিল প্রক্রিয়া অনুসরণ করেছিল।

রোববার জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রথমে বিষয়টির নীতিগত অনুমোদন হয়। এরপর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ফিফা থেকে সরাসরি সম্প্রচারস্বত্ব কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। উভয় বৈঠকেই সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জানা গেছে, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ ক্রয়ের মূল চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা। সরাসরি ক্রয়প্রক্রিয়ায় ফিফা থেকে এই সম্প্রচারস্বত্ব কেনা হবে। এর ফলে দেশের ফুটবলপ্রেমীরা সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভির মাধ্যমে বিশ্বকাপের সব ম্যাচের সরাসরি সম্প্রচার উপভোগ করার সুযোগ পাবেন।

সেবার এ স্বত্ব কেনা হয়েছিল ৯৮ কোটি টাকায়। বিটিভির কাছে তা বিক্রি করেছিল তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি।