ডেইলি টপ আলাপ ডেস্ক ১৫ অগাস্ট ২০২৬ , ২:২৭ পিএম প্রিন্ট সংস্করণঃ
যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও উৎপাদন শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা ৪৩ মিনিটে ইউনিটটি চালু করা হয়।
বর্তমানে জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে ইউনিটটি।
তবে এই ইউনিটটির দ্রুত সংস্কার প্রয়োজন। সংশ্লিষ্টরা বলছেন, এক নম্বর ইউনিটটিতে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ২০২০ সালে ইউনিটটি ওভারহোলিং (নতুনকরণ বা সংস্কার) করার কথা ছিল। তবে সেটি আজও করা হয়নি। দ্রুত এর ওভারহোলিং প্রয়োজন।
বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, বর্তমানে এক নম্বর ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। গতকাল শুক্রবার সকালে ইউনিটটির একটি পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ত্রুটি মেরামত শেষে শনিবার সকালে আবার উৎপাদন শুরু করা হয়েছে।
উল্লেখ্য, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে। এর মধ্যে তিন নম্বর ইউনিটটি চালু রয়েছে। এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১৬০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রের দুই নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ। ফলে বর্তমানে এক ও তিন নম্বর ইউনিটের উৎপাদন দিয়েই কেন্দ্রটি জাতীয় গ্রিডে ২৩০ থেকে ২৩৫ মোগাওয়াড বিদ্যুৎ সরবরাহ করছে।
ডিটিএ / নিউজ ডেস্ক











