আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনা এখনো রয়েছে: ট্রাম্প, হরমুজ ঘিরে বাড়ছে সামরিক উত্তেজনা

  ডেইলি টপ আলাপ ১৪ জুলাই ২০২৬ , ২:৫২ পিএম প্রিন্ট সংস্করণঃ

 ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির সম্ভাবনা এখনো রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সময়ে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। উভয় পক্ষই নতুন করে হামলা ও পাল্টা হামলার দাবি করেছে।

সোমবার (১৩ জুলাই) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি মনে করি একটি চুক্তি সম্ভব। অবশ্যই আমি তা মনে করি।”

ট্রাম্পের দাবি, দুই দিন আগেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতার বিষয়ে অগ্রগতি হয়েছিল। তবে পরে ইরান আরও আলোচনার প্রয়োজনের কথা জানিয়ে সেই সমঝোতা থেকে সরে আসে।

এর আগে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দেন ট্রাম্প। পাশাপাশি তিনি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে এবং এ নৌপথ ব্যবহারকারী জাহাজের কাছ থেকে নিরাপত্তা বাবদ অর্থ নেওয়া হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালানো হয়েছে। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে সর্বশেষ অভিযান শুরু হয় বলে এক বিবৃতিতে জানানো হয়। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে বেসামরিক জাহাজ ও বাণিজ্যিক নৌযানের ওপর হামলার সক্ষমতা দুর্বল করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও আধা-সরকারি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বন্দর নগরী বান্দার আব্বাস, কিশ ও কেশম দ্বীপ এবং বুশেহর প্রদেশের জাম শহরে হামলার খবর পাওয়া গেছে।

ফারস সংবাদ সংস্থার দাবি, পশ্চিম বান্দার আব্বাসে একটি প্রক্ষেপণাস্ত্র আঘাত হানলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘনকারী কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে। পাশাপাশি বান্দার আব্বাসের কাছে একটি মার্কিন নির্মিত ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে তারা।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ওমান উপসাগরসংলগ্ন হরমুজ প্রণালিতে তাদের দুটি তেলবাহী ট্যাংকারে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে একজন ভারতীয় নাবিক নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।

এ ছাড়া আইআরজিসি দাবি করেছে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা অভিযান শুরু করা হয়েছে।

তবে এসব সামরিক দাবির অনেকগুলোর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক