আন্তর্জাতিক

ট্রাম্পের $TRUMP মেমকয়েনে বিনিয়োগ করে ৩.৮১ বিলিয়ন ডলার ক্ষতি, লাভে ট্রাম্প—নতুন বিতর্ক

  ডেইলি টপ আলাপ ৬ জুলাই ২০২৬ , ৯:১৯ এএম প্রিন্ট সংস্করণঃ

মার্কিন প্রেসিডেন্ট -এর নামে চালু হওয়া $TRUMP মেমকয়েন কিনে প্রায় ১০ লাখ বিনিয়োগকারী সম্মিলিতভাবে ৩.৮১ বিলিয়ন (৩৮১ কোটি) মার্কিন ডলার লোকসানের মুখে পড়েছেন। ক্রিপ্টো বিশ্লেষক প্রতিষ্ঠান ন্যানসেন-এর জুন ২০২৬ পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, কয়েনটি কিনেছেন এমন প্রতি তিনজনের মধ্যে প্রায় দুইজনই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তথ্য অনুযায়ী, $TRUMP মেমকয়েনের দাম সর্বোচ্চ ৭৫.৩৫ ডলার থেকে নেমে বর্তমানে প্রায় ১.৭৬ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ, কয়েনটির মূল্য প্রায় ৯৭ শতাংশ কমে গেছে, যা বিপুল সংখ্যক সাধারণ বিনিয়োগকারীর জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে।

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশিত আর্থিক বিবরণীতে দেখা যায়, এই ক্রিপ্টো উদ্যোগ থেকে তিনি শত শত মিলিয়ন ডলার আয় করেছেন। পাশাপাশি টোকেন কেনাবেচা থেকে নিয়মিত ফি পাওয়ার তথ্যও উঠে এসেছে। বিশ্লেষকদের মতে, কিছু অভিজ্ঞ ট্রেডার শুরুতেই লাভ তুলে বাজার থেকে বেরিয়ে গেলেও অধিকাংশ সাধারণ বিনিয়োগকারী বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। যদিও হোয়াইট হাউস এ-সংক্রান্ত অভিযোগ অস্বীকার করেছে, তবুও একাধিক বিশেষজ্ঞ ভবিষ্যতে এ বিষয়ে আইনি চ্যালেঞ্জের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন।

উল্লেখ্য, $TRUMP মেমকয়েন-এর অফিসিয়াল ওয়েবসাইটে শুরু থেকেই এটি কোনো বিনিয়োগের মাধ্যম নয়; বরং সমর্থনের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছিল। এরপরও বিপুলসংখ্যক মানুষ এতে বিনিয়োগ করেন, যার বড় অংশই এখন উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক