ডেইলি টপ আলাপ ডেস্ক ১ জুলাই ২০২৬ , ৩:২৪ পিএম প্রিন্ট সংস্করণঃ
ঢাকা, ১ জুলাই: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণকবর জিয়ারতের মধ্য দিয়ে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জুলাই মাসের প্রথম দিনে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান-এ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়ে সেখানে দাফন হওয়া শহীদদের গণকবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। এছাড়া দলের নেতা হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলম-সহ এনসিপির কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত শেষে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন নেতারা। দলটির পক্ষ থেকে জানানো হয়, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা তুলে ধরা, শহীদদের স্মরণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণকে সম্পৃক্ত করতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
ডিটিএ / নিউজ ডেস্ক











