Daly Top Alap News ২৮ জুন ২০২৬ , ৬:৩৬ পিএম প্রিন্ট সংস্করণঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাই-টেক সিটির পাশে নির্মিত আধুনিক কালিয়াকৈর হাই-টেক সিটি রেলওয়ে স্টেশন আজ যেন সম্ভাবনার প্রতীক হয়েও অবহেলার শিকার। প্রায় ৩৪ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৭৯৪ টাকা ব্যয়ে নির্মিত এই স্টেশনটি ২০১৮ সালের ১ নভেম্বর উদ্বোধন করা হলেও, অধিকাংশ গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাবিরতি না থাকায় এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো মানুষ।
হাই-টেক সিটি, আশপাশের শিল্পকারখানা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং দ্রুত বর্ধনশীল জনবসতির কারণে প্রতিদিন এই এলাকায় বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের প্রয়োজন হয়। কিন্তু ট্রেন না থামায় বাধ্য হয়ে যাত্রীদের দূরের স্টেশন ব্যবহার করতে হচ্ছে। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে অতিরিক্ত ভোগান্তি ও যাতায়াত ব্যয়।
স্থানীয়দের মতে, কালিয়াকৈর হাই-টেক সিটি রেলওয়ে স্টেশনে আন্তঃনগরসহ গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর যাত্রাবিরতি চালু করা হলে প্রতিদিন হাজারো যাত্রী এই স্টেশন ব্যবহার করবেন। এর ফলে একদিকে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে, অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের রাজস্বও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
এ বিষয়ে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক স্টেশনকে অব্যবহৃত না রেখে দ্রুত সব প্রয়োজনীয় ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা হোক।
স্থানীয়দের ভাষায়, “স্টেশন আছে, অবকাঠামো আছে, যাত্রীও আছে—শুধু নেই ট্রেনের স্টপেজ। সরকারের এই বিশাল বিনিয়োগকে কার্যকর করতে এখনই উদ্যোগ নেওয়া জরুরি।”
দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়িত হলে কালিয়াকৈরের লাখো মানুষের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হবে, পাশাপাশি দেশের রেলখাতও পাবে একটি লাভজনক ও কার্যকর স্টেশন।
গাজীপুর প্রতিনিধি:
ডিটিএ / নিউজ ডেস্ক











