জাতীয়

ক্রাউন প্রিন্সের বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ, শিগগিরই আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রীও

  ডেইলি টপ আলাপ ৬ জুলাই ২০২৬ , ৩:২৪ পিএম প্রিন্ট সংস্করণঃ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেছেন। একই সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।

সোমবার (৬ জুলাই, ২০২৬) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চিঠিতে ক্রাউন প্রিন্স বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণের কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর সৌদি আরবের প্রতি ভ্রাতৃসুলভ মনোভাব দুই দেশের গভীর ও আন্তরিক সম্পর্কের প্রতিফলন। তিনি বাংলাদেশ-সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে আরও সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতের মাধ্যমে ক্রাউন প্রিন্সের প্রতি আমন্ত্রণ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

বৈঠকে সৌদি রাষ্ট্রদূত আরও জানান, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও শিগগিরই বাংলাদেশ সফরে আসতে আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি সৌদি আরবের একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল আগামী সপ্তাহে বিনিয়োগসংক্রান্ত আলোচনা করতে ঢাকা সফর করবে বলেও তিনি জানান।

আলোচনায় রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের জন্য তাঁর সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আমন্ত্রণকে স্বাগত জানিয়ে তা সানন্দে গ্রহণ করেন।

সাক্ষাতে বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগের সম্ভাবনা ও আগ্রহ নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, সৌদি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। জবাবে প্রধানমন্ত্রী বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক