অর্থনীতি

হাঁটুসমান কাদা পেরিয়ে গরুর হাটে ক্রেতারা, তবুও জমজমাট গাজীপুরের জামালপুর পশুর বাজার

  ডেইলি টপ আলাপ নিউজ ২৭ মে ২০২৬ , ৯:১০ এএম প্রিন্ট সংস্করণঃ

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে গাজীপুরের জামালপুর এলাকার গরুর হাট এখন ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ছোট-বড় গরু, মহিষ ও ছাগলে জমে উঠেছে পুরো বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাবেচা, দরদাম আর ক্রেতাদের উপচে পড়া ভিড়।

তবে জমজমাট এই হাটে স্বস্তির চেয়ে ভোগান্তিই যেন বেশি।

টানা বৃষ্টিতে হাটের ভেতরের রাস্তা পরিণত হয়েছে কাদা আর পানির ছোট ছোট জলাশয়ে। কোথাও কোথাও হাঁটুসমান কাদা জমে থাকায় পশু দেখতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন ক্রেতারা। অনেকেই অভিযোগ করেন, হাটে প্রবেশ করতেই কাদা মাড়িয়ে যেতে হচ্ছে, ফলে নারী, শিশু ও বয়স্কদের চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

একাধিক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “গরুর দাম স্বাভাবিক আছে, কিন্তু হাটে ঢুকেই মনে হচ্ছে যেন যুদ্ধক্ষেত্রে এসেছি। এত বড় হাটে সামান্য চলাচলের ব্যবস্থাও নেই।”

অন্যদিকে বিক্রেতারা বলছেন, এবার বাজারে পশুর সরবরাহ ভালো থাকায় দামও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে। মাঝারি আকারের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা গেছে। বিক্রি ভালো হলেও কাদা ও জলাবদ্ধতার কারণে ব্যবসা পরিচালনায় তারাও ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয়দের দাবি, ঈদের আগে লাখো মানুষের সমাগম হওয়া এই হাটে দ্রুত কাদা অপসারণ, পানি নিষ্কাশন ও চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি। না হলে শেষ মুহূর্তে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

স্টাফ রিপোর্টার:গাজীপুর
ডেইলি টপ আলাপ নিউজ