অর্থনীতি

বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

  ডেইলি টপ আলাপ ডেস্ক ৯ জুন ২০২৬ , ৩:০৪ পিএম প্রিন্ট সংস্করণঃ

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিলাসী পণ্য, কিছু আমদানি পণ্য, রড, সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামাল ও তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানো উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে এসব পণ্যের দামও বাড়তে পারে।

আগামী বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এটিই প্রথম বাজেট।

এদিন বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগমী অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। পাস হলে এটি হবে দেশের ৫৫তম বাজেট।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। আর বাজেটে মোট ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকতে পারে। আসন্ন বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৬ শতাংশ বলে জানা গেছে।

বাজেটে আগামী (২০২৬-২৭) অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে সরকার। এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা। আর ঋণ সহায়তা বা বিদেশি অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা।

যেসব পণ্যের দাম বাড়তে পারে

সিগারেট ও নিকোটিনজাত পণ্য

সিগারেটের নিম্নস্তরের দশ শলাকার প্যাকেট হবে সর্বনিম্ন ৬২ টাকা, মধ্যম স্তরে দশ শলাকার প্যাকেট সর্বনিম্ন ৯২ টাকা, উচ্চ স্তরের দশ শলাকার প্যাকেট সর্বনিম্ন ১৬০ টাকা, অতি-উচ্চ স্তরের দশ শলাকার প্যাকেট সর্বনিম্ন ২১০ টাকা হতে পারে। একই সঙ্গে নিকোটিন পাউচের ওপর ৪০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে।

রড

দেশে মাইল্ড স্টিল (এমএস) এবং এ জাতীয় পণ্যের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ও ভ্যাট প্রায় ১০ শতাংশ বাড়ানো হতে পারে।

বিলাসী ও আমদানি পণ্য

বিদেশি প্রসাধনী, বিলাসী পণ্য, আমদানি করা উচ্চমূল্যের খাদ্যপণ্য এবং নতুন ১০টি পণ্যের আমদানি পর্যায়ে ২০ শতাংশ ভ্যাট আরোপ করা হতে পারে।