অর্থনীতি

টেক্সটাইল ও পোশাক খাতকে আধুনিক করতে বিটিএমএ-বিজিএমইএর যৌথ উদ্যোগ, অনুষ্ঠিত হবে ‘বিটমা’ প্রদর্শনী

  ডেইলি টপ আলাপ ডেস্ক ৪ অগাস্ট ২০২৬ , ৫:৫৫ পিএম প্রিন্ট সংস্করণঃ

দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক, প্রযুক্তিনির্ভর ও টেকসই করে তুলতে যৌথ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। এ উদ্যোগের অংশ হিসেবে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন (বিটমা)’ নামে একটি আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করবে দুই সংগঠন। এ লক্ষ্যে মঙ্গলবার রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ সংগঠনের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

দুই সংগঠনের নেতারা জানান, এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রধান রফতানি খাত টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে আরও উদ্ভাবনী, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা হবে। একই সঙ্গে বাংলাদেশের ১০০ বিলিয়ন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে শিল্পের সক্ষমতা ও বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রদর্শনী।

প্রদর্শনীতে দেশি-বিদেশি খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে অত্যাধুনিক টেক্সটাইল ও গার্মেন্টস যন্ত্রপাতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন, ফ্যাশন ট্রেন্ড, প্রযুক্তি হস্তান্তর, নেটওয়ার্কিং এবং টেকসই শিল্প প্রযুক্তি তুলে ধরা হবে।

সমঝোতা স্মারকের আওতায় প্রদর্শনীর সার্বিক ব্যবস্থাপনা, কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ১০ সদস্যের একটি যৌথ আয়োজক কমিটি গঠন করা হবে। এতে বিটিএমএ ও বিজিএমইএ থেকে সমানসংখ্যক পাঁচজন করে প্রতিনিধি থাকবেন।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, এই উদ্যোগ কেবল একটি যন্ত্রপাতি প্রদর্শনী নয়; বরং দেশের অর্থনীতি ও তৈরি পোশাক খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নে দুই সংগঠনের যৌথভাবে কাজ করার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করবে।

অন্যদিকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, প্রায় এক দশক ধরে অভিন্ন লক্ষ্য নিয়ে দুই সংগঠন একসঙ্গে কাজ করছে। ‘বিটমা’ প্রদর্শনীর মাধ্যমে দেশের উদ্যোক্তারা বিদেশে না গিয়েই আন্তর্জাতিক বাজারের সর্বাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্পর্কে সরাসরি ধারণা লাভের সুযোগ পাবেন।

দুই সংগঠন আশা প্রকাশ করেছে, যৌথ ব্যবস্থাপনায় ‘বিটমা’ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আধুনিক প্রযুক্তি ও টেকসই উৎপাদনের মাধ্যমে দেশের শিল্পখাতের বৈশ্বিক অবস্থান আরও শক্তিশালী হবে।