আন্তর্জাতিক

আজ পবিত্র কাবার ওপর থাকবে সূর্য, কয়েক মুহূর্তের জন্য থাকবে না কোনো ছায়া

  ডেইলি টপ আলাপ ১৫ জুলাই ২০২৬ , ৯:৪০ এএম প্রিন্ট সংস্করণঃ

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় আজ (১৫ জুলাই) ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এ সময় সূর্য ঠিক পবিত্র কাবা শরিফের ওপর অবস্থান করবে। ফলে কয়েক মুহূর্তের জন্য কাবা শরিফের কোনো ছায়া দেখা যাবে না।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য পবিত্র কাবার ঠিক ৯০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। সূর্য ও কাবা একই উল্লম্ব রেখায় চলে আসায় ওই মুহূর্তে কাবা শরিফের ছায়া সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে।

বাংলাদেশ সময় অনুযায়ী, এ বিরল দৃশ্য দেখা যাবে বিকেল ৩টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মুসল্লিরা এই সময়টি কাজে লাগিয়ে কোনো কম্পাস বা আধুনিক যন্ত্র ছাড়াই কিবলার সঠিক দিক নির্ধারণ করতে পারবেন। এজন্য নির্ধারিত সময়ে একটি সমতল স্থানে সোজাভাবে একটি লাঠি বা দণ্ড খাড়া করে রাখতে হবে। তখন যে ছায়া তৈরি হবে, তার ঠিক বিপরীত দিকই হবে পবিত্র কাবা শরিফ তথা কিবলার দিক।

বিশেষজ্ঞদের মতে, বছরে দুবার সূর্য ঠিক কাবার ওপর অবস্থান করে। আধুনিক নেভিগেশন প্রযুক্তি চালুর আগে দীর্ঘদিন ধরে এই জ্যোতির্বৈজ্ঞানিক পদ্ধতিতে কিবলার দিক নির্ধারণ করা হতো। বর্তমান সময়েও এটি কিবলার দিক যাচাইয়ের অন্যতম সহজ, নির্ভুল ও নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে বিবেচিত হয়।

সূত্র: সামা টিভি