ডেইলি টপ আলাপ ৫ জুলাই ২০২৬ , ৫:৫৭ পিএম প্রিন্ট সংস্করণঃ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বের ৭০টির বেশি দেশের প্রতিনিধি তেহরানে উপস্থিত হয়েছেন। এর মধ্যে আরব বিশ্বের বহু ঘনিষ্ঠ মিত্রও ছিলেন। তিনি বলেন, এই উপস্থিতি ইরানের জন্য গভীর সম্মানের এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে এটি একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
এদিকে চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদুর রেজা রহমানি ফাজলি জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজের ওপর নতুন সার্ভিস ফি আরোপের প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে সাম্প্রতিক সংকটের সময়ে যেসব দেশ ইরানের পাশে দাঁড়িয়েছে, তাদের জন্য বিশেষ সুবিধা ও ফি-তে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
ফাজলি বলেন, হরমুজ প্রণালির একটি অংশ ইরানের জলসীমার মধ্যে অবস্থিত। তাই ওই এলাকায় নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা, জাহাজ চলাচল তদারকি এবং পরিবেশগত ঝুঁকি মোকাবিলার জন্য নতুন ব্যবস্থাপনা চালু করা হচ্ছে। তিনি স্পষ্ট করেন, এটি কোনো টোল বা জোরপূর্বক কর নয়; বরং নিরাপত্তা ও ব্যবস্থাপনা ব্যয়ের অংশ হিসেবে সার্ভিস ফি নির্ধারণ করা হবে।
তিনি আরও জানান, এ বিষয়ে ওমানের সঙ্গে যৌথ সহযোগিতার ভিত্তিতে একটি নতুন ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার কাজ চলছে।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে হওয়া প্রাথমিক সমঝোতায় প্রথম ৬০ দিন হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো ফি না নেওয়ার কথা বলা হয়েছে। তবে এই সময়সীমা শেষ হওয়ার পর কী ধরনের নীতিমালা কার্যকর হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
তবে নতুন সার্ভিস ফি চালুর বিষয়ে যুক্তরাষ্ট্র আপত্তি জানালেও ইরান জানিয়েছে, নিজেদের সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে তারা অটল রয়েছে।
ডিটিএ / নিউজ ডেস্ক





