আন্তর্জাতিক

চলন্ত বাসে আগুনের বিভীষিকা: ট্রাকে ধাক্কায় রাজস্থানে নিহত ৮, আহত ২২

  ডেইলি টপ আলাপ ডেস্ক ১ জুলাই ২০২৬ , ১০:১৯ এএম প্রিন্ট সংস্করণঃ

ভারতের রাজস্থানে একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেওয়ার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।

বুধবার ভোররাতে রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাসটি প্রায় ৩৭ জন যাত্রী নিয়ে উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের উদ্দেশে যাচ্ছিল। রাত সাড়ে ৩টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে মুহূর্তেই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল। তারা আগুন নিয়ন্ত্রণে এনে বাস থেকে যাত্রীদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। উদ্ধার অভিযানের শুরুতেই ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় আটজনে।

দৌসা জেলার পুলিশ সুপার পীযূষ দীক্ষিত ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার অভিযান তদারকি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলট দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

পুলিশ জানিয়েছে, বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ কী—তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক