জাতীয়

মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা

  ডেইলি টপ আলাপ ডেস্ক ৩০ জুলাই ২০২৬ , ১২:১৫ পিএম প্রিন্ট সংস্করণঃ

আজ ৩০ জুলাই। ২০২৪ সালের এই দিনে রাত সোয়া ১১টায় অনলাইনে বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের ৩১ জুলাই (পরদিন) দুপুরে সারাদেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেন। ঘোষণায় বলা হয়Ñ ‘দেশব্যাপী ছাত্র-জনতার ওপর সরকারের গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সচব আদালত, ক্যাম্পাস ও রাজপথে দুপুর সাড়ে ১২টায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে।’ কর্মসূচিতে সব শ্রেণি-পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা চেয়ে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা এদিন মুখে-চোখে লাল কাপড় বাঁধা ছবি অনলাইনে প্রচারের কর্মসূচি পালন করেন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে নিহতদের স্মরণে সামাজিক মাধ্যম ফেসবুকের প্রোফাইল লাল রঙের ফ্রেমে রাঙান শিক্ষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, লেখক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। ২৯ জুলাই মন্ত্রিসভার বৈঠকে নিহতদের স্মরণে ৩০ জুলাই সারাদেশে শোক পালনের সিদ্ধান্ত হয়। কিন্তু রাতেই রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা এ সব কর্মসূচি দেন। আন্দোলনকারীদের আহ্বানে সাড়া দিয়ে দেশে এবং প্রবাসে অবস্থানকারীরা তাদের ফেসবুকের নিজ নিজ প্রোফাইল পিকচার লাল করেন। এ দিন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যাকাণ্ডের পর দেশব্যাপী আটক ও নির্যাতনের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ দিকে, দেশে ছাত্র-জনতা হত্যা, নির্যাতন, গণগ্রেপ্তার, হামলা-মামলার প্রতিবাদ জানান সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মানুষজন। তারা এ দিন রাজধানীর গুলিস্তানে প্রতিবাদী গানের মিছিল করেন। এ মিছিলে পুলিশ বাধা দিলে প্রতিবাদকারীদের সঙ্গে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এদিন পুরানা পল্টন মোড়ের সমাবেশ থেকে বাম গণতান্ত্রিক জোটের নেতারা সরকারের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেন। একই দিন তৎকালীন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খোলা হবে। অন্যদিকে, ২৪ ঘণ্টার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কসহ ডিবিতে আটক অন্যদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে আরও কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার হুশিয়ারি দেয় বিক্ষুব্ধ নাগরিক সমাজ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই’ শীর্ষক অনুষ্ঠানে এ হুশিয়ারি উচ্চারণ করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সংঘাত-সহিংসতার ঘটনায় সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে সহযোগিতা চান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় এ দিন পর্যন্ত রাজধানী ঢাকায় ২৬৪টি মামলা হয়। এর মধ্যে হত্যা মামলা ৫৩টি। আরও পাঁচটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল। সব মিলিয়ে এ দিন পর্যন্ত ঢাকায় গ্রেপ্তার করা হয় ২ হাজার ৮৫০ জনকে। সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় দশ সহস্রাধিক।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে প্রাণহানির ঘটনা নিয়ে পর্যবেক্ষণ ও কিছু দাবি তুলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে খোলাচিঠি লেখেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। চিঠিতে তিনি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সাম্প্রতিক সহিংস দমনাভিযানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত সহিংসতার পরিপ্রেক্ষিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ‘সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি’ গঠন করতে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ পেয়েছেন বলে জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এর পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করে উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানান তিনি।

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ দেওয়া ও আইনবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল মঙ্গলবার এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান।

বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে গত পাঁচ দিন ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) হেফাজতে রাখা হয়।

শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে অভিভাবকরা মৌন অবস্থান করতে গেলে বাধা দেয় পুলিশ। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের ব্যানারে তারা সেখানে দাঁড়াতে চাইলে তাদের সরিয়ে দেওয়া হয়।

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণহত্যাকে আড়াল করতে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়টি সরকার সামনে আনছে।

দেশব্যাপী সহিংসতায় আহতদের দেখতে এ দিন বিকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক