ডেইলি টপ আলাপ ডেস্ক ৩১ অগাস্ট ২০২৬ , ১০:১৪ পিএম প্রিন্ট সংস্করণঃ
কোম্পানি নিবন্ধনে দীর্ঘসূত্রতা ও দাপ্তরিক নির্ভরতা কমিয়ে পুরো প্রক্রিয়া অনলাইনভিত্তিক করার উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় ‘সিঙ্গাপুরের দ্রুত ও কার্যকর ব্যবসা নিবন্ধন’ ব্যবস্থার আদলে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) চালু করতে যাচ্ছে ‘ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম’(ইবিআরএস)।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আরজেএসসির কার্যক্রম আধুনিকায়নসংক্রান্ত এক সভায় নতুন ব্যবস্থার অগ্রগতি তুলে ধরা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে উদ্যোক্তারা কোম্পানির নাম ছাড়পত্র থেকে চূড়ান্ত নিবন্ধন পর্যন্ত সব কার্যক্রম ঘরে বসেই সম্পন্ন করতে পারবেন।
প্রাথমিক পর্যায়ে কর্মকর্তাদের দ্রুত যাচাইয়ের মাধ্যমে কয়েক ঘণ্টার মধ্যে নতুন কোম্পানি নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘কোম্পানি নিবন্ধনের জন্য গ্রাহককে আর আরজেএসসি কার্যালয়ে যেতে হবে না। ঘরে বসেই স্বল্প সময়ে নিবন্ধন সম্পন্ন করার সুযোগ দিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুরোপুরি অটোমেটেড করা হবে।’
নতুন ইবিআরএস ব্যবস্থায় উদ্যোক্তারা যে কোনো সময় অনলাইনে কোম্পানি নিবন্ধনের আবেদন করতে পারবেন। আবেদনের তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এবং জালিয়াতি প্রতিরোধে জাতীয় পরিচয়পত্র, ই-টিআইএন ও মোবাইল নম্বর রিয়েল-টাইমে প্রাক-যাচাইয়ের ব্যবস্থা রাখা হচ্ছে।
এর ফলে আবেদনে ভুল বা অসংগত তথ্য দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলে সভায় তুলে ধরা হয়।
কোম্পানি গঠনের আইনি প্রক্রিয়াও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে প্রয়োজনীয় সংযোগ স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে সভায় জানানো হয়।
সরকারের লক্ষ্য, প্রথম ছয় মাসের মধ্যেই কোম্পানি নিবন্ধনের সময় কমিয়ে কয়েক ঘণ্টায় নামিয়ে আনা।
শতভাগ স্বয়ংক্রিয় নাম ছাড়পত্র বা ‘অটো নেম ক্লিয়ারেন্স’ ব্যবস্থা আরও নির্ভুল করতে সিস্টেমের কিছু উন্নয়নের কাজ চলছে। পুরো অটোমেশন চালু না হওয়া পর্যন্ত উদ্যোক্তাদের সেবা যাতে ব্যাহত না হয়, সেজন্য অন্তর্বর্তী ব্যবস্থা নিয়েছে আরজেএসসি।
পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক ছয় মাস আবেদন জমা পড়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে নাম ছাড়পত্র পুনঃযাচাই করবেন। প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সঠিক থাকলে কয়েক ঘণ্টার মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) ও আরজেএসসির নিবন্ধক শিবির বিচিত্র বড়ুয়া সভায় উপস্থিত ছিলেন।
ডিটিএ / নিউজ ডেস্ক











