অর্থনীতি

শ্রীলঙ্কা থেকে দেশে উন্নত জাতের রাবার ক্লোন, উৎপাদনে নতুন সম্ভাবনা

  ডেইলি টপ আলাপ ডেস্ক ২৬ অগাস্ট ২০২৬ , ৮:২১ এএম প্রিন্ট সংস্করণঃ

রাবারের উৎপাদন বৃদ্ধি এবং উচ্চ ফলনশীল জাত সম্প্রসারণের লক্ষ্যে শ্রীলঙ্কা থেকে উন্নত জাতের রাবার ক্লোন সংগ্রহ করেছে বাংলাদেশ রাবার বোর্ড। ইন্টারন্যাশনাল রাবার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বোর্ডের ১৮টি সদস্য দেশের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের আওতায় শ্রীলঙ্কা রাবার রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতায় এসব ক্লোন সংগ্রহ করা হয়েছে। এ উদ্যোগ দেশের রাবার খাতে উন্নত জার্মপ্লাজম সংযোজন এবং ভবিষ্যতে রাবারের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দাবি করছে সংস্থাটি।

রাবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৭ আগস্ট শ্রীলঙ্কা থেকে পাঁচটি উন্নত জাতের মোট ৩৩টি রাবার বাডউড বাংলাদেশে পাঠানো হয়। ৯ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ রাবার বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব বাডউড গ্রহণ করেন। এর মাধ্যমে দেশের রাবার বাগানে উচ্চফলনশীল জাত সম্প্রসারণের শক্তিশালী ভিত্তি গড়ে উঠবে বলে আশা করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শ্রীলঙ্কা থেকে আনা এসব উন্নত বাডউড দেশে পৌঁছানোর পর বৈজ্ঞানিক পদ্ধতিতে দ্রুত বংশবিস্তারের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ৬৬টি রুটস্টকে সফলভাবে গ্রাফটিং সম্পন্ন করা হয়। অবশিষ্ট বাডউড ব্যবহার করে দাঁতমারা রাবার বাগান, ফটিকছড়ি, চট্টগ্রামে আরও ২২১টি রুটস্টকে সফলভাবে গ্রাফটিং করা হয়েছে।

রাবার বোর্ডের চেয়ারম্যান ড. নুরুন নাহারের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উন্নত জাতের এসব রাবার ক্লোনের উপর গবেষণা, গবেষণা-পরবর্তী সফল বংশবিস্তার এবং পর্যায়ক্রমে দেশের রাবার বাগানগুলোতে উন্নত জাতের ক্লোন সম্প্রসারণ করা সম্ভব হলে দেশের রাবার উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এর মাধ্যমে গাছপ্রতি রাবারের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় রাবারের উৎপাদন সক্ষমতা ও গুণগত মান বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।’

 

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক