ডেইলি টপ আলাপ ডেস্ক ২২ অগাস্ট ২০২৬ , ১১:৪১ এএম প্রিন্ট সংস্করণঃ
মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার প্রতিযোগীর চার পুরস্কার
সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের চার প্রতিযোগী। বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের চারজন অংশ নিয়ে চারজনই পুরস্কার অর্জন করেছেন।
প্রতিযোগিতায় নুরুদ্দিন জাকারিয়া নিজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন। মাহমুদুল হাসান আশরাফী নিজ বিভাগে তৃতীয় স্থান লাভ করেছেন। একইভাবে বাংলাদেশের দুই তরুণী রাবেতা বিনতে রমজান ও মুসফিরা বিনতে মাহমুদ নিজ নিজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন।
অর্থাৎ, বাংলাদেশের চার প্রতিযোগী অংশ নিয়েছেন এবং চারজনই পুরস্কার অর্জন করেছেন। একজন প্রথম এবং তিনজন তৃতীয় স্থান অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য বয়ে এনেছেন গৌরব ও সম্মান।
নুরুদ্দিন জাকারিয়া এর আগেও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। ২০২৩ সালে দেশের প্রায় ১০ হাজার প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন হয়ে তিনি জাতীয় পর্যায়ে নিজের প্রতিভার প্রমাণ দেন। এবার মক্কার আন্তর্জাতিক মঞ্চে প্রথম স্থান অর্জনের মাধ্যমে সেই সাফল্যকে আরও উচ্চতায় নিয়ে গেলেন তিনি।
অন্যদিকে জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী মাহমুদুল হাসান আশরাফী শ্রবণ, স্মৃতি ও দীর্ঘদিনের কঠোর সাধনার মাধ্যমে পবিত্র কোরআন হিফজ করেছেন। তাঁর এই আন্তর্জাতিক সাফল্য বিশেষভাবে অনুপ্রেরণাদায়ক। রাবেতা বিনতে রমজান ও মুসফিরা বিনতে মাহমুদও নিজেদের মেধা, অধ্যবসায় ও কোরআনের প্রতি গভীর ভালোবাসার মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের মাদরাসা ও হিফজ শিক্ষাব্যবস্থার ভেতরে অসংখ্য প্রতিভাবান শিক্ষার্থী নীরবে বেড়ে উঠছে। আরবি ভাষা ও ইসলামি শিক্ষায় তাদের শক্ত ভিত্তি রয়েছে। এই সক্ষমতার সঙ্গে ইংরেজি, প্রযুক্তি, বিজ্ঞান, গবেষণা ও সময়োপযোগী পেশাগত দক্ষতার সুযোগ আরও বাড়ানো গেলে তারা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।
প্রতিভা যে শিক্ষাধারা থেকেই উঠে আসুক, তার বিকাশের সুযোগ সৃষ্টি করা এবং বিশ্বের সঙ্গে তাকে যুক্ত করাই হওয়া উচিত আমাদের অন্যতম লক্ষ্য।
বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান উঁচুতে তুলে ধরা নুরুদ্দিন জাকারিয়া, মাহমুদুল হাসান আশরাফী, রাবেতা বিনতে রমজান ও মুসফিরা বিনতে মাহমুদকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষ থেকে জানানো হয়েছে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা।
তাদের এই অর্জনে গর্বিত বাংলাদেশ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে কোরআন শিক্ষা, জ্ঞানচর্চা ও মেধার বিকাশে আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।











