Daily Top Alap News ২ জুলাই ২০২৬ , ২:৪১ পিএম প্রিন্ট সংস্করণঃ
দেশে আজ (২ জুলাই) থেকে বাধ্যতামূলকভাবে চালু হয়েছে Bangla QR, যা বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে প্রবর্তিত একটি অভিন্ন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে একটি মাত্র QR কোড স্ক্যান করে যেকোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (যেমন বিকাশ, নগদ, উপায়)-এর অ্যাপ ব্যবহার করে সহজেই যেকোনো মার্চেন্ট বা দোকানে মূল্য পরিশোধ করা যাবে।
নতুন এই ব্যবস্থার লক্ষ্য হলো নগদবিহীন (ক্যাশলেস) লেনদেনকে আরও সহজ, দ্রুত ও সমন্বিত করা। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা QR কোড ব্যবহারের প্রয়োজন হবে না।
তবে Bangla QR চালুর পর থেকেই মার্চেন্ট পর্যায়ে নির্ধারিত সেবাশুল্ক (ফি) নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, যেসব দেশে QR-ভিত্তিক পেমেন্ট ব্যাপক জনপ্রিয়, সেখানে অধিকাংশ ক্ষেত্রেই মার্চেন্টদের জন্য এ ধরনের সেবা বিনামূল্যে বা খুবই কম খরচে দেওয়া হয়। তুলনামূলকভাবে বাংলাদেশে Bangla QR ব্যবহারে মার্চেন্টদের ওপর ফি বেশি হওয়ায় এর ব্যাপক বিস্তারে বাধা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী ও গ্রাহকরা।
বিশেষজ্ঞদের মতে, ব্রাজিলের Pix পেমেন্ট ব্যবস্থা বিনামূল্যে চালু করায় মাত্র ছয় বছরের মধ্যে দেশটির ডিজিটাল পেমেন্টে ব্যাপক বিপ্লব ঘটে এবং লেনদেনের সংখ্যায় Visa ও MasterCard-এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ব্যবস্থাকেও ছাড়িয়ে যায়।
এদিকে, নগদ অর্থ ছাপানো, পরিবহন ও বিতরণে সরকারের বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয় বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। Bangla QR-এর ব্যবহার ব্যাপকভাবে বাড়লে এই ব্যয়ের বড় একটি অংশ সাশ্রয় করা সম্ভব হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তাই Bangla QR-এর সফল বাস্তবায়ন ও ব্যাপক গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে মার্চেন্ট পর্যায়ের ফি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও গ্রাহকরা।
ডিটিএ / নিউজ ডেস্ক











